মে মাসে রেমিটেন্স প্রবাহ কমেছে

চলতি অর্থবছরের এপ্রিলের তুলনায় মে মাসে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমেছে। মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে ৯৫ কোটি ৩০ লাখ ডলার। এর আগের মাস এপ্রিলে ছিল ১০০ কোটি ১৯ লাখ ডলার। তবে গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে রেমিটেন্স বেড়েছে। গত বছরের মে মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল ৯০ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিটেন্স আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। গত অর্থবছরের একই সময় রেমিটেন্স প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের বেশি।
তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই ২০১০-মে ২০১১) মোট রেমিটেন্স এসেছে ১ হাজার ৫৬ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময় এর পরিমাণ ছিল ১ হাজার ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৪ দশমিক ৬৬ শতাংশ রেমিটেন্স বেড়েছে।
বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিপিডির সাম্প্রতিক এক পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাসসহ ওইসিডিভুক্ত দেশগুলোতে নতুন শ্রমবাজারের সুযোগ সৃষ্টি হচ্ছে। রেমিটেন্স প্রবাহে চলমান শ্লথগতি ও বিশ্ববাজারে সৃষ্ট বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন বাজারের সুযোগ গ্রহণের প্রয়োজনীয়তা অতি জরুরি হয়ে দেখা দিয়েছে। এ ক্ষেত্রে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের, বিশেষত নারী শ্রমিকদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া বাংলাদেশের জনশক্তি রফতানি ও রেমিটেন্স প্রবাহের ওপর সৌদিকরণের সম্ভাব্য অভিঘাতের বিষয়টিকে অবশ্য বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, একক মাস হিসেবে গত মার্চে সর্বোচ্চ ১১০ কোটি ২৯ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে চলতি অর্থবছরের রেমিটেন্স প্রবাহে খুব বেশি প্রবৃদ্ধি নেই। গত অর্থবছরে রেমিটেন্সের প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ২৫ শতাংশ। প্রসঙ্গত, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে গত অর্থবছর রেমিটেন্স প্রবৃদ্ধি তার আগের অর্থবছরের তুলনায় কম ছিল।
http://www.samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=162349&pub_no=714&type=

Comments