লেনদেন স্থগিত থাকায় বিপাকে বিনিয়োগকারীরা পদ্মা অয়েলের লভ্যাংশ জটিলতা নিরসনের উদ্যোগ

প্রায় আড়াই মাস ধরে লেনদেন বন্ধ থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েলের শেয়ার নিয়ে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। এসইসির নির্দেশনা ভঙ্গ করে পূর্বঘোষিত লভ্যাংশ পরিবর্তন করায় গত ৩০ মার্চ থেকে এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করে রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। তবে লভ্যাংশ নিয়ে জটিলতা নিরসন করে শীঘ্রই লেনদেন চালুর বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম সামছুদ্দোহা জানান, লভ্যাংশ সংক্রান্ত জটিলতা নিরসনে শীঘ্রই কোম্পানির পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে। ইতোমধ্যেই কোম্পানির পৰ থেকে এসইসিতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বছরের ১৮ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করে পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ। কিন্তু ঘোষিত নগদ লভ্যাংশে সন্তুষ্ট না হওয়ায় আজিজ আহমেদ নামে একজন শেয়ারহোল্ডার হাইকোর্টে রিট মামলা করেন। ওই রিট পিটিশনের প্রেৰিতে হাইকোর্ট গত ২ জানুয়ারি কোম্পানির ঘোষিত লভ্যাংশ, রেকর্ড ডেট ও এজিএমের তারিখ তিন মাসের জন্য স্থগিত করেন। পরে হাইকোর্টের দেয়া ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীমকোর্টে আপীল করে পদ্মা অয়েল লিমিটেড। আপীল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের দেয়া পূর্বের রায় স্থগিত করে। ফলে এজিএম অনুষ্ঠিত হতে আর কোন বাধা থাকে না। কিন্তু আপীল বিভাগের আদেশের আগেই পূর্বঘোষিত রেকর্ডের তারিখ চলে যায়। এ কারণে নতুন একটি রেকর্ডের তারিখ নির্ধারণের প্রয়োজন দেখা দেয়।
পরে গত ২০ মার্চ পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদের এক সভায় নতুন করে এজিএম ও রেকর্ডের তারিখ নির্ধারণের পাশাপাশি পূর্বঘোষিত ১০০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ৫০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সিদ্ধান্ত নেয়।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=34&dd=2011-06-13&ni=61598

Comments