সিরামিক শিল্পে রপ্তানি আয় বাড়ছে

সিরামিক শিল্পে বাংলাদেশে রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। গত আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এ খাতে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ।


যা আগের বছরের আট মাসের চেয়ে ১০ দশমিক ৫ শতাংশ বেশি।


রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি)’র তথ্য মতে, এ খাতে অর্থবছরের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ২৩৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে চলতি অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারিতে (২০১০-২০১১) রপ্তানির লক্ষ্যমাত্র ছিল ১৪৮ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা।


চলতি অর্থবছরের আট মাসে রপ্তানি হয় ১৬৪ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা বা ১০ দশমিক ৫ শতাংশ বেশি।


বাংলাদেশের তৈরি সিরামিক ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইটালির মতো বড় বড় দেশের সঙ্গে পাল্লা দিয়েও এখনো চার নম্বর স্থানে রয়েছে। তৈরি করছে নিত্য নতুন বাহারি ডিজাইনের সিরামিক সামগ্রী।


বর্তমানে দেশের ২০০ অধিক প্রতিষ্ঠান বিশ্বের ৫৫টি দেশে এসব সামগ্রী রপ্তানি করছে।


ইপিবি’র তথ্য মতে, গত ২০০৭-০৮ অর্থবছরে সিরামিক খাতে রপ্তানি আয় হয়ে ২৬৪ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা। ২০০৮-০৯ অর্থবছরে রপ্তানি আয় হয় ২১৮ কোটি ৭৩ লাখ টাকা।


চলতি ২০১০-১১ অর্থবছরে সিরামিক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা।


ইপিবি’র উপ-পরিচালক জাকির হোসেন বাংলানিউজকে জানান, পুরো অর্থবছর শেষে এ খাত থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় অর্জন হবে।


তবে জাপানের সুনামির কারণে কিছুটা কমতেও পারে বলে জানান তিনি।


http://www.banglanews24.com/detailsnews.php?nssl=b32a0e6fda31ee75a103500e772d1ac3&nttl=2011031532687&toppos=3

Comments