পুঁজিবাজারকে প্রসারিত করা ও সমন্বয় বাড়াতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মো. জিয়াউল হক খোন্দকারকে আহবায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শেয়ারবাজারের সাম্প্রতিক উত্থান-পতনে দেশের অর্থবাজার নিয়ন্ত্রণে সমন্বয়হীনতা দূর করে অর্থমন্ত্রী এর আগে একটি উপদেষ্টা কমিটি গঠনের ঘোষণা দেন। এর আলোকেই এই কমিটি গঠন করা হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, এসইসি’র সদস্য ইয়াসিন আলী, মো. আনিসুজ্জামান, (আরো একজন পরে অন্তর্ভুক্ত হবে), অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন প্রতিনিধি, ব্যাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেট অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেট কোম্পানিস’র প্রেসিডেন্ট, ইনিস্টিটিউট অব কস্ট ম্যানেজম্যান্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট, ঢাকা স্টক একচেঞ্জের প্রেসিডেন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট, সেন্টাল ডিপজোটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, গবেষণা সংস্থা সেন্টার পর পলিসি ডায়লগ’র ড. মুস্তাফিজুর রহমান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অ্রাসোসিয়েশন অব ব্যাংকের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্সুরেন্স অ্রাসোসিয়েশনের প্রেসিডেন্ট, অর্থনৈতিক গবেষণা সংস্থা পলিসি রিসার্স ইনিস্টিটিউট’র প্রেসিডেন্ট ড. জায়েদী সাত্তার ও ফিন্যান্সসিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আলোচ্য বিষয়ে বিশেষ জ্ঞান রাখে এমন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কমিটির সভায় আমন্ত্রণ জানানো যাবে।
উপদেষ্টা কমিটির কার্য হিসাবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় নীতি প্রস্তাব করবে। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় নীতি বা কর্মসূচির ব্যাপারে পরামর্শ দেবে। কমিটির যেকোনো পরামর্শ বা প্রস্তাবনা এসইসি বরাবর পেশ করবে। এসইসি প্রয়োজন মনে করলে যেকোনো সময় উক্ত কমিটির সভা আহবান করবে।
শেয়ারবাজারের সাম্প্রতিক ধস শুরু হলে অর্থমন্ত্রী গত জানুয়ারি মাসে শেয়ারবাজারের বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠকে পুজিবাজার উন্নয়নে দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে অন্যতম ছিল, দেশের আর্থিক বাজার নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন। ওই ঘোষণা অনুযায়ী এই কমিটি গঠন করা হলো বলে জানা গেছে।
তবে এসইসি’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, কমিটি গঠনের ব্যাপারে বা কমিটিতে কে থাকবে এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে আমাদের কিছু জানানো হয়নি।
ওই সময় শেয়ারবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ নির্ধারিত সীমার মধ্যে নিয়ে আসার সময় সীমা বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে সাম্প্রতিক দরপতন হয় বলে বিশ্লেষকরা মনে করেন। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
Comments
Post a Comment